নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম জানিয়েছেন, দুর্গাপূজা শেষে দেশব্যাপী ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে সাঁড়াশি অভিযান শুরু হবে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, রোববার (১৩ অক্টোবর) বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা সমাপ্ত হবে। এর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারা দেশে ৩২ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে, এবং তা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তার জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশব্যাপী পূজামণ্ডপে প্রায় সোয়া দুই লাখ আনসার সদস্য এবং পুলিশ বাহিনীর ৭৫ হাজার সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি, সশস্ত্র বাহিনীও মোতায়েন রয়েছে।
আইজিপি আরও জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু রয়েছে। পূজাকে কেন্দ্র করে ১ অক্টোবর থেকে ৪৩টি ঘটনা ঘটেছে, যার প্রতিটিতেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে ১৪টি মামলা, ২৯টি জিডি এবং ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।