নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী ও নিউমার্কেট থানার সাতটি পৃথক মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামুনকে ১৮ দিনের রিমান্ডে নেওয়া হয়।
আদালতে হাজির করার পর যাত্রাবাড়ী থানার ছয়টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা। এছাড়া, নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিএনপিপন্থি নেতা ওমর ফারুক ফারুকী মামুনের বিরুদ্ধে সর্বোচ্চ রিমান্ডের আবেদন জানিয়ে শুনানি করেন।
আসামিপক্ষের আইনজীবী জানান, মামুনকে আগের ১৮ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেও কিছু পাওয়া যায়নি। এতো মামলায় গ্রেপ্তার দেখানো ও নতুন রিমান্ডের আবেদন নিছক হয়রানিমূলক। তারা মামুনের রিমান্ড বাতিল ও জামিনের আবেদনও করেন।